অর্থনীতি

দুই দিনের ব্যবধানেই পাল্টে গেল স্বর্ণের বাজারের চিত্র

বায়ান্ন প্রতিবেদন

স্বর্ণের বাজারে স্বস্তির খবর নিয়ে এলো নতুন মূল্য ঘোষণা। কয়েক দিনের ব্যবধানেই আবারও কমানো হলো দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাবেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি অলঙ্কার বিনিময় ও পুরোনো স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকবে। রূপার অলঙ্কারের ভ্যাট নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে গত ২৭ জুন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। তখন প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৮৩ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৯৩ বার; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে দেশের বাজারে রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ৮৫৮ টাকা দরে।

চলতি বছরে রূপার দাম এখন পর্যন্ত ৫০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। ২০২৫ সালে রূপার দাম পরিবর্তন করা হয়েছিল ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #স্বস্তি #দাম #রূপা