রাজধানী

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

জানা গেছে, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়। পরে তাকে উত্তরায় এসআরবির সদর দপ্তরে নেওয়া হয়েছে।

সূত্রের দাবি, নাশকতাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #বারিধারা #ডিওএইচএস #নরসিংদী-১ #মো. নজরুল ইসলাম হিরু #সাবেক প্রতিমন্ত্রী