ঢাকা মহানগরীতে যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
সোমবার (১৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
অতিরিক্ত শব্দ নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযান শুরুর আগেই সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি বলছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি বাস্তবায়নে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।
এমএ//