বিস্ফোরক আইনের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা ওমর ফারুককে হুমকি দিয়ে আসছিলেন। এর জেরে আগিয়া বাজারে জামায়াতের নেতাকর্মীরা তাকে মারধর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় তার টিভিএস মোটরসাইকেলে আগুন দেওয়া এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
তবে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা। তিনি বলেন, কোরবানির ঈদের সময় হাট-বাজারের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তারা সংবাদ সম্মেলন করে প্রমাণ উপস্থাপন করেছেন। এরপরও নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোয় তিনি নিন্দা জানান।
জামায়াতের আমীর ছাদেক আহমেদ হারিছও মামলাটিকে মিথ্যা দাবি করেছেন। তার ভাষ্য, তাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের জামিন নামঞ্জুরের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
এমএ//