যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে আগামী বছর নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশুকে একটি করে শেয়ার দেওয়া হলে এর মোট বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার। স্পেসএক্সের প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১৪৬ ডলার ধরে এ হিসাব করা হয়েছে। তবে শেয়ার বিতরণের পদ্ধতি, কারা এ সুবিধা পাবে এবং এ উদ্যোগের অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মাস্ক।
মার্কিন সেন্সাস ব্যুরোর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক শিশুকে একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানায় সরাসরি অংশীদার করার নজির তৈরি হতে পারে।
মাস্কের এ ঘোষণার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একটি জনকল্যাণমূলক উদ্যোগ। প্রতিষ্ঠানটি তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে যারা চাকরি হারাবেন, তাদের সহায়তায় এ তহবিলের অর্থ ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে সরাসরি শেয়ার বিতরণের ধারণা সামনে আনেন মাস্ক। একই সঙ্গে নিজেই এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্রে শিশুদের আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। চলতি মাসে দেশটির ট্রেজারি বিভাগ ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির আওতায় শিশুদের জন্য আর্থিক হিসাব ও অনুদান কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচিতে যোগ্য শিশুদের প্রত্যেকের জন্য এক হাজার ডলার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া গত জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামী ২০ লাখ শিশুকে প্রতিষ্ঠানটির একটি করে শেয়ার দানের অঙ্গীকার করেছিলেন।
অন্যদিকে, ইলন মাস্কের নিজস্ব মাস্ক ফাউন্ডেশনের আর্থিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা রয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারের বেশি ছিল বলে উল্লেখ করা হয়েছে।
তবে দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে দাবি করা হয়, ফাউন্ডেশনটির অর্থের বড় অংশ মাস্কের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দিকে গেছে।
স্পেসএক্সের শেয়ার শিশুদের মধ্যে বিতরণের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে সম্পদ বণ্টন, শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং প্রযুক্তি খাতের মালিকানায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা তৈরি হতে পারে। তবে এ উদ্যোগের বাস্তবায়নপ্রক্রিয়া ও শেয়ার পাওয়ার শর্ত সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: সিএনএন
এসি//