জাতীয়

ডেপুটি স্পিকারের নেতৃত্বে ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

বায়ান্ন প্রতিবেদন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ১০ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপির প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করবে এ কমিটি।

প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার স্বার্থে প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউএনডিপি #ব্যারিস্টার কায়সার কামা #ডেপুটি স্পিকার