জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধারের পর সেটি তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে ল্যাপটপের সঙ্গেই খোয়া যাওয়া ক্যামেরা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আইজিপি আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে ক্রিল ওয়েবারের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করে পুলিশ। ল্যাপটপ ফিরে পেয়ে জার্মান নাগরিক ক্রিল পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ভ্রমণকালে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা বলেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি মঙ্গলবার নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন। আইজিপি প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যেরও প্রশংসা করেছেন।
এদিকে ল্যাপটপের সঙ্গে ক্রিল ল্যান্ডার ওয়েবারের হারানো ক্যামেরা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ