অন্যান্য

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

বায়ান্ন প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তারা। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তার উদ্দেশে ‘আপনি একজন সন্ত্রাসী’ এবং ‘আপনি এখানে কেন এসেছেন’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। পাশাপাশি দেশের পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।

ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। আপনি এখানে কেন এসেছেন?’ এ সময় অন্যদেরও তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে এবং বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস পরিস্থিতি এড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে ঘিরে প্রতিবাদ জানালেও তিনি শান্তভাবে সেখান থেকে চলে যান। পরে ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #ড. মুহাম্মদ ইউনূস #যুক্তরাষ্ট্র #নিউইয়র্ক