পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এ সিদ্ধান্তের ফলে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত স্থগিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দেশটির সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া সুপারিশে তিনি অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা খাইবার পাখতুনখাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এ সময় সন্ত্রাসবিরোধী কার্যক্রম থেকে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে সরে থাকার’ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
এদিকে, কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও দেশজুড়ে তাঁর উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে দলটির কর্মসূচির প্রস্তুতির মধ্যেই খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হলো।
সূত্র: আলজাজিরা
এমএ//