আন্তর্জাতিক

বিক্ষোভের আগে আটক, ১৮ ঘণ্টা পর মুক্তি পেলেন ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হন জার্মানিতে বসবাসরত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আটকের প্রায় ১৮ ঘণ্টা পর শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে তাকে মুক্তি দেওয়া হয়। রোববার (১১ অক্টোবর) ভোর ৩টার দিকে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। পরে তাকে গুরুগ্রাম পুলিশের অপরাধ শাখার একটি কার্যালয়ে নিয়ে রাখা হয়।

গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্রুব রাঠির পরিবারের সদস্যরা অপরাধ শাখার কার্যালয়ে পৌঁছালে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। দিল্লি পুলিশের সঙ্গে আলোচনা করেই তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, সে সময় রাজধানীতে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন কোনো দল বা জনসমাবেশে তিনি অংশ নেবেন না—এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি জন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাকে আবারও আটক করা হতে পারে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

বিক্ষোভকারীদের জন্তর মন্তরে পৌঁছানো ঠেকাতে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। এ সময় পুলিশের অভিযানে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, আইনজীবী ও রাজনীতিকদের পাশাপাশি চার সাবেক মুখ্যমন্ত্রী এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির নেতারাও ছিলেন।

তিন মাস আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলনে ভূমিকা রাখা ককরোচ জনতা পার্টি এবারের বিক্ষোভের আয়োজন করে। নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের জন্তর মন্তরে প্রবেশে বাধা দিলেও দিনভর দিল্লির বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ চলে।

এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে প্রবেশ করে ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় বিরোধী দলগুলো নিন্দা জানিয়েছে।

বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের প্রতিবাদে রোববারও টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। একই দিন বিতর্কিত পুলিশি অভিযানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ বসার কথা রয়েছে।

অন্যদিকে, পুলিশের অভিযানের প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) থেকে নতুন করে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। ফলে ধ্রুব রাঠিসহ বিভিন্ন পর্যায়ের আন্দোলনকারীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ধ্রুব রাঠি #ভারত #ককরোচ জনতা পার্টি