অর্থনীতি

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে শুল্ক ও মূসকসহ ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। গেল মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

বুধবার (০৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে বলা হয়, ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন দামে শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জেট ফুয়েল #বিইআরসি