আন্তর্জাতিক

দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিতে নতুন নিয়ম সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সরকার। নতুন ব্যবস্থায় যোগ্য কর্মীরা কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্দিষ্ট পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ পাবেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (০৬ অক্টোবর) এ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে দেশটিতে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশিদের পরিবারের সদস্যদের জন্য প্রবেশের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে যেতে পারবেন। পরিবারের এসব সদস্যের জন্য প্রবেশের ভিসা কর্মীর কাজের ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালীনই দেওয়া হতে পারে।

অর্থাৎ পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার উদ্যোগ নিতে কর্মীর নিজের কাজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তবে পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। সৌদি সরকারের লক্ষ্য, দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কর্মীদের পরিবারের সদস্যরা দেশটিতে পৌঁছানোর পর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নতুন নিয়মের ফলে সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশিদের পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আগের তুলনায় কম সময় অপেক্ষা করতে হবে এবং কর্মীর কাজের ভিসা সম্পন্ন হওয়ার আগেই পরিবার নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব