দেশজুড়ে

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার ভোরে বারেক বাহিনীর লোকজন রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালসহ পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি শহিদুল ইসলাম জানান, যুবদল নেতা রবিউল্লাহ রবি ও বিএনপি নেতা বারেক প্রধানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা সোনারগাঁয়ে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #বিএনপি #সংঘর্ষ #দুই গ্রুপের