দেশজুড়ে

ফুফুর কক্ষে মিললো নিখোঁজ ৪ বছরের শিশুর লাশ

বান্দরবান সদর উপজেলায় চার বছর বয়সি  শিশু তাইফা সুলতানার মরদেহ তার ফুফুর কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফুফু নারগিস সুলতানাকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তাইফা সুলতানা (৪)উপজেলার সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। আজ (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তিনি জানান, গতকাল সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

খোঁজাখুজির এক পর্যায়ে বিকালে সিসিটিভি ফুটেজ দেখে ফুফুর  বিষয়ে সন্দেহ তৈরি হয়। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয়রা নারগিসকে মানসিক রোগী হিসেবে দাবি করেছেন। কিন্তু তিনি আগে থেকে কোথাও মানসিক চিকিৎসা নিয়েছেন কিনা বা কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুফু #শিশু