নিখোঁজের ২ দিন পর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খাল থেকে মো. ইসমাইল (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রোকন (১৮) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে খেলতে গিয়ে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে আজ খালের ভেতরের একটি ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করলে ভেতরে নিখোঁজ শিশুর মরদেহটি দেখতে পান।
ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রোকন নামে একজনকে হেফাজতে নেইয়া হয়েছে।
আই/এ