জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার কার্যক্রম বন্ধে কোস্টগার্ডকে আরও সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাতে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় নতুন টহল নৌযান ও আধুনিক উদ্ধারকারী হেলিকপ্টার সংগ্রহ এবং বাহিনীর বিমান শাখা স্থাপনের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্টগার্ডের মহাপরিচালক। জবাবে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়ন ও কার্যক্রমে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #মির্জা ফখরুল ইসলাম আলমগীর #বাংলাদেশ কোস্টগার্ড