জাতীয়

অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা জরুরি বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন এমপি। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রণয়ন করলেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইনের প্রতি মানুষের আস্থা তৈরি এবং তা সবার ক্ষেত্রে ন্যায়সংগতভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধ দমনের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও নজর রাখতে হবে।

ফারজানা শারমিন বলেন, দেশের কোথাও অপরাধ সংঘটিত হলে তা যেন অবহেলায় পড়ে না থাকে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চোরাচালান, দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এসব অপরাধ বন্ধে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী সরকার যে ব্যবস্থা প্রয়োজন মনে করবে, তা বাস্তবায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফারজানা শারমিন #সমাজকল্যাণ প্রতিমন্ত্রী