বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া)। সংগঠনটির নেতারা বলছেন, তাহসিফের মৃত্যুর ঘটনাকে তারা ছেড়ে দেবেন না।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে তাহসিফের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে রাওয়া নেতারা এ কথা বলেন।
রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, এ ঘটনায় করণীয়র বিষয়ে তাদের কোনো সহায়তা লাগবে কি-না তাহসিফের পরিবারের কাছে তারা জানতে চেয়েছেন।
তাহসিফের বাবা রাওয়া নেতাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।
আবু নওরোজ খুরশিদ আলম জানান, আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখবো, মনিটর করবো কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।
আই/এ