আন্তর্জাতিক

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজে সংঘর্ষ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এনডিটিভি

উত্তর আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অপেশাদার’ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে নয়াদিল্লি।

এতে বলা হয়েছে, পাকিস্তানি নৌ-জাহাজের আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম ও সৈন্য চলাচলের মতো বিষয়ে আগাম নোটিশ দেওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পাকিস্তানের সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাসঙ্গিক চুক্তির শর্ত মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে দেওয়া বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিতেও পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানের একটি জাহাজ।

সূত্রগুলো জানায়, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি জাহাজটি ভারতীয় যুদ্ধজাহাজের অত্যন্ত কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করে। এ ধরনের বিপজ্জনকভাবে পাশ দিয়ে দ্রুত অতিক্রম করাকে ‘গার্জিং’ বলা হয়। পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে ও অনিরাপদ কৌশলে ভারতীয় যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যাওয়ায় একপর্যায়ে সংঘর্ষ ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে।

ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১১ সালের জুনেও একই ধরনের পরিস্থিতিতে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের নৌবাহিনীর জাহাজ ‘গোদাবরী’র মধ্যে সংঘর্ষ হয়েছিল।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তর আরব সাগর #ভারতীয় নৌবাহিনী #পাকিস্তান #যুদ্ধজাহাজ