মাত্র ২১২ দিনের দায়িত্বেই বর্তমান সরকার বেশ কিছু ইতিবাচক ফলাফল এনেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তার দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও ২০২২ সালে বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সরকার সতর্ক করেছে। এ অবস্থায় এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া এবং নিয়মিত চারপাশ পরিষ্কার রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নজর রেখে তিনি বিভিন্ন সমস্যা চিহ্নিত করছেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৫০ টাকায় সাধারণ খাবার খাওয়া কোনো বড় বিষয় নয়। বরং প্রধানমন্ত্রীর প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ক্ষমতা ভোগের বিষয় নয়; এটি একটি দায়িত্ব। এর মধ্য দিয়ে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখতে পাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।
এসি//