প্রায় দুই বছর পর অনুষ্ঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রশাসনিক গতিশীলতা আনা, সরকারি চাকরির শূন্যপদ পূরণ এবং অনিয়ম-দুর্নীতি বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি আন্তর্জাতিক সংকটের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় কৌশলগত একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে।
সভায় বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই মূল্যের ঊর্ধ্বগতি যেন দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের চাপ তৈরি করতে না পারে, সেজন্য আমদানিনির্ভর জ্বালানির বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে 'জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)' কার্যকরের পাশাপাশি সরকারি ভবনে সৌর প্যানেল বসানো এবং বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্বুদ্ধ করার বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকর কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি 'ফ্যামিলি কার্ড' এবং 'খাল খনন' প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ায় অর্থ ব্যয় এবং সঠিক উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সচিবদের দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের শুরুতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই সভা সরকারের নীতি নির্ধারণ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।
আর/আই