জাতীয়

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশ স্টাফ কলেজের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষাগত পটভূমির অনেক সদস্য রয়েছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে একটি পৃথক সাইবার নিরাপত্তা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের তদন্ত ও ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ করা হচ্ছে। তবে এসব কার্যক্রম অনেকটা সাময়িক ব্যবস্থায় পরিচালিত হওয়ায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।

পুলিশের সক্ষমতা ও মনোবল বাড়াতে প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রশিক্ষক তৈরির পর্যায়ের কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।

প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে সাইবার পরিসরসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার লক্ষ্য রয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সাইবার অপরাধ #পুলিশ #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন আহমদ