আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনে গেল ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ৫৪টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদির তিন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার পর জোটের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা আসে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সৌদি হামলার অভিযোগ তোলে হুতিরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদির খামিস মুশাইত, আবহা ও তাইফে হুতিদের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার জবাব ‘দায়িত্বশীল ও দৃঢ়ভাবে’ দেওয়া হবে।

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোরে হুতিরা জানায়, লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি বাহিনী ৫৪টি বিমান হামলা চালিয়েছে।

তাদের দাবি, তাইজের খাদির জেলায় একটি সরকারি কমপ্লেক্সেও হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি বিমানঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়। এসব হামলার জবাবে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

হুতি-সমর্থিত সংবাদমাধ্যমের দাবি, তাইজের ধুবাব ও মাকবানাহ এলাকায় সৌদি বিমান হামলায় দুই শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়েমেন #হুতি #ইরান #সৌদি আরব