ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী জাহাজের সন্ধান মিলেছে। দুর্ঘটনার পর শুরু হওয়া ব্যাপক উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের দিকে যাচ্ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত প্রায় ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে থাকা অবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি নিখোঁজ হয়। একই সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে জাহাজটির সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পরপরই সম্ভাব্য অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা। নিখোঁজ আরোহীদের উদ্ধারে বর্তমানে সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ কাজ করছে। পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করেও দুর্ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালানো হচ্ছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দূরবর্তী বিভিন্ন অঞ্চলের মধ্যে যাতায়াতে জাহাজ ও নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দেশটিতে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে।
এসি//