স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যারা প্রার্থী হতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে তারা প্রার্থী হতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।
তিনি বলেন, এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে জামায়াত সরকারের ওপর দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না। কারণ সংসদে সংশ্লিষ্ট বিল পাসের সময় তারাও উপস্থিত ছিল।
এমএ//