পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ উঠেছে।
মিষ্টির দোকানির অভিযোগ, পোকা পাওয়া মিষ্টির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে নগদ টাকা ও একটি আইফোন দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হাবড়ার প্রফুল্লনগরের শ্রীকৃষ্ণ সুইটস নামের একটি মিষ্টির দোকানে।
পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে ওই দোকানে যান ভ্লগার সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে। মিষ্টি খাওয়ার পর তারা তাতে পোকা থাকার অভিযোগ করেন। এ নিয়ে দোকানের মালিক নয়ন ঘোষের সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়।
দোকানি নয়ন ঘোষের অভিযোগ, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে তার হোয়াট্সঅ্যাপে পোকা ধরা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি ফোন করে তাকে সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্ত দম্পতির বাড়িতে যেতে বলা হয়।
নয়ন ঘোষের দাবি, পরে তিনি ওই দম্পতির বাড়িতে গেলে ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে একটি আইফোন ও নগদ টাকা দাবি করা হয়।
তার অভিযোগ, ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মিষ্টির মধ্যে পোকা রাখা হয়েছিল।
দোকানি আরও বলেন, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। এ কারণে মিষ্টিতে পোকা পাওয়ার ঘটনাটি নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নয়ন ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ভ্লগার দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দোকানির অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করা হয়েছে। তবে মিষ্টিতে ইচ্ছাকৃতভাবে পোকা রাখা হয়েছিল কি না এবং ছবি-ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে আইফোন ও নগদ টাকা দাবি করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্ত শেষে স্পষ্ট হবে।
এসি//