জাতীয়

হাসপাতালে সুযোগ থাকলেও বাইরে থেকে পরীক্ষার প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানী মুগদা হাসপাতাল পরিদর্শনকালে সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার কাগজপত্র ও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে অভিযোগ শুনে এখানে এসেছি, সেটা শতভাগ সত্যি। ডেঙ্গু শনাক্তে সরকারি হাসপাতালে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছি।

তিনি বলেন, এখানে সুবিধা আছে। বাইরে থেকে লোক এসে এখান থেকে ব্লাড নিয়ে যায়, এরা কি অন্ধ? ডাক্তার আছে, চোখে দেখবে না? এরপরও যদি বাইরের লোক এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, তাহলে এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন,  হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।

এর আগে পরিদর্শনকালে হাসপাতালের রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের একাধিক তলায় ছোটাছুটি করতে হওয়ার অভিযোগ করেন তারা।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্যমন্ত্রী