রাজনীতি

গুলশানে আওয়ামী লীগের মিছিল, আটক ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন– আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ #মিছিল #রাজধানী