ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বুকাভু শহরে দুটি স্কুলে আগুন লাগার পর আতঙ্কে ছুটোছুটির সময় পদদলিত হয়ে অন্তত ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। ঘনবসতিপূর্ণ কাদুতু এলাকায় আগুন ও পদদলনের ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিশুদের হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।
আগুনে আশপাশের প্রায় ৩০০টি বাড়িও পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিকেলের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। এরপরও ধ্বংসস্তূপ ও টিনের চালের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ঘটনাস্থলের কিছু ছবিতে ছোট শিশুদের নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ শহর। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছে রাজধানী কিনশাসার কেন্দ্রীয় সরকার। তবে সরকারি বিবৃতিতে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
দেশটির জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এমএ//