পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জোটটিতে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ হতে পারে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া বক্তব্যে ল্যাভরভ এ প্রস্তাব দেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দশকেরও বেশি সময় আগে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। ওই কাঠামোয় উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও রাখার কথা বলা হয়েছিল।
ইরান ও সৌদি আরবের সম্পর্কের প্রসঙ্গ টেনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক বছর আগে চীনের মধ্যস্থতা ও রাশিয়ার উৎসাহে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তিতে তিন দেশ পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে সশস্ত্র হামলাকে সম্মিলিতভাবে মোকাবিলার নীতিতে সম্মত হয়েছে।
এমএ//