সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক পদক্ষেপের ঘাটতি রয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে সিপিবির কেন্দ্রীয় নেতারা এ মন্তব্য করেন।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, সৌদি আরব বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ না করে দুইজন নাগরিককে গলা কেটে হত্যা করেছে। নজরুল ইসলাম ও সুইটি আক্তারের জীবন বাঁচাতে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। কী কারণে শিরচ্ছেদ করা হয়েছে, সেটা সৌদি সরকার বলেনি। সরকার এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। না হলে ঢাকায় সৌদি দূতাবাস ঘেরাও করে তাদের জানিয়ে দেওয়া হবে, এটা তারা অন্যায় করেছে।
তিনি বলেন, আমাদের অনেক নারীকর্মীকে সৌদি থেকে নির্যাতিত হয়ে ফিরতে হচ্ছে। অনেক নারী অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরছে। এসব কুকর্মের জবাব সৌদিকে দিতে হবে। একটা দেশকে না জানিয়ে কীভাবে তার নাগরিককে হত্যা করে, তার জবাব তাদের দিতে হবে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. ফজলুর রহমান বলেন, আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে কার লোক? তিনি দেশের স্বার্থে, নাকি আমেরিকার স্বার্থ কাজ করছেন, এটা দেখা দরকার। আমাদের গরিব ছেলে-মেয়েরা তাদের সবকিছু বিক্রি করে বিদেশ যায়। এ দেশের যারা বড়লোকি দেখায়, তাদের যোগানদাতা আমাদের এই কর্মীরা। তারা দেশে টাকা পাঠায় বলেই এরা বড়লোকি দেখাতে পারে। আমাদের দুইজন ছেলে-মেয়েকে হত্যা করেছে সৌদি সরকার। অথচ আমাদের সরকার কিছু করতে পারলো না। সৌদি যে অন্যায় করেছে, সরকার যথাযথ ব্যবস্থা না নিতে পারলে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা।
সমাবেশ থেকে অবিলম্বে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি ২০ হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করার কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানান হয়।
আই/এ