প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তাকে দেশে ফিরতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, তার আর আপিল করার সুযোগ নেই। ফলে আইনি দিক থেকে বিষয়টি এমন পর্যায়ে রয়েছে যে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, সফরের সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি শর্ত হিসেবে যুক্ত হয়েছে। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
সম্প্রতি ভারতের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিও তুলে ধরেন ডা. জাহেদ।
তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত শেখ হাসিনা যেন এ ধরনের সাক্ষাৎকার দিতে না পারেন, সেটিই প্রত্যাশা ছিল। ভারতের পক্ষ থেকে বিষয়টি সঠিকভাবে দেখা হচ্ছে না বলেও তিনি মনে করেন।
শেখ হাসিনাকে ফেরত আনার দাবিকে জোরালো উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা বাংলাদেশ তাকে ফিরিয়ে আনুক—এ ক্ষেত্রে কোনো কৌশলের বিষয় নেই। ভারত-বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, তা উন্নয়নের স্বার্থে অন্তত সাময়িকভাবে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে ভারত উদ্যোগ নিতে পারত।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণের কথাও বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা রয়েছে। দেশের ভেতরে যখন বাঁধনসহ অন্যরা হামলার শিকার হচ্ছেন, তখন শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়া মানুষের মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি করছে। বিষয়টি ভারতের বোঝা উচিত।
এসি//
এসি//