রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনারই: বিরোধীদলীয় নেতা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া হেনস্তার ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, শেখ হাসিনার নির্দেশনায় লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরাই এ অপকর্ম করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম...।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন।

এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। পাশাপাশি ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন তারা। বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস #জামায়াতে ইসলামীর আমির #ডা. শফিকুর রহমান