মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় প্রকাশিত এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার প্রশিক্ষণে ব্যবহারের একটি মডেল হস্তান্তর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এটি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে তুলে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের এই সহায়তায় নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে। একই সঙ্গে গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য থেরাপিউটিক ফুড বা বিশেষায়িত পুষ্টিকর খাবারও সরবরাহ করা হবে।
এ ছাড়া টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণও এই সহায়তার আওতায় থাকছে। দুর্গম অঞ্চলসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে এসব চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন অর্থায়নে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এফএইচআই ৩৬০, ঝিপাইগো, জেএসআই এবং ইউনিসেফ।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই সহযোগিতা ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও এই উদ্যোগ সহায়ক হবে বলে জানিয়েছে দেশটি। পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ আরও বিস্তৃত করতে সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এসি//