বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবালের। তবে তার এমন দাবিকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বিপিএলের শেষ দুই আসরে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এ কারণে দ্রুত টুর্নামেন্ট আয়োজনের পক্ষে নয় বিসিবি।
তিনি বলেন, বিপিএলের মতো একটি টুর্নামেন্টে ২০ কোটি টাকা ক্ষতি হলে সেটি এই মুহূর্তে বিসিবির অগ্রাধিকার তালিকায় থাকবে না। তবে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বিপিএলকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, বিপিএল একটি ভালো ক্রিকেটীয় পণ্য এবং দর্শকদের মধ্যে এ টুর্নামেন্টের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে আয়োজনের আগে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ১২, ১৮ কিংবা ২৪ মাস সময় লাগলেও তা নিতে প্রস্তুত বোর্ড। সঠিকভাবে আয়োজন করতে না পারলে টুর্নামেন্ট না করার পক্ষেও তিনি মত দেন।
তবে তামিমের এই বক্তব্যের পরই এর বিরোধিতা করেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিপিএলের দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতির দাবিকে চ্যালেঞ্জ করেন।
আসিফ আকবর তার পোস্টে দাবি করেন, বিপিএলের দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতির যে ঘোষণা দেওয়া হয়েছে, তা ‘সর্বৈব মিথ্যা’। একই সঙ্গে বিষয়টি যাচাই করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিটের পাশাপাশি গণশুনানির দাবি জানান তিনি।
এমএ//