মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
সকাল ৬টা ১৫ মিনিটে তাকে বহনকারী কারাগারের প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভ্যানটির সামনে ও পেছনে পুলিশের দুটি পৃথক গাড়ি ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
তিনি জানান, দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
অনুমোদিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলের মেয়াদ থাকবে। কারাগারের বিধি অনুযায়ী পুলিশি নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেল সুপার আরও জানান, প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর দীপু মনিকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।
এসি//