প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও নতুন করে আরও দুই সদস্য যুক্ত হতে পারেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং ধর্ম মন্ত্রণালয়ের জন্য গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় এসেছে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার ২০ আগস্ট অথবা নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির কাছে তাদের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কয়েক দিন ধরে তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
জানা গেছে, মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়টি সম্পর্কে সাচিং প্রু জেরী নিজেও অবগত নন। একই বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও কোনো তথ্য জানেন না।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
নতুন দুই সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলে সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
এদিকে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও চলছে। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শপথের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
এসি//