পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান ভবিষ্যতে আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। এ জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতে কোনো ধর্মই অস্তিত্ব সংকটে নেই বরং দেশের সম্মান ও মর্যাদাই মূল বিষয়।
সোমবার (১৭ আগস্ট) ভারতের ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রামদেব। এ সময় ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হিন্দুদের পরিস্থিতি নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও অবিচারের অভিযোগ তোলেন।
তিনি বলেন, এসব ঘটনা মানবসভ্যতার ইতিহাসে ভয়াবহ নিষ্ঠুরতার অন্যতম উদাহরণ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
এরপর ভবিষ্যতে তিন দেশ আবার ভারতের সঙ্গে একীভূত হবে বলে মন্তব্য করেন রামদেব।
তিনি বলেন, সেই দিনও আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। এ জন্য ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ধর্মান্তর এবং এটি ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগকে অনেক সময় রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যবহার করা হয়। তবে ভবিষ্যতে ধর্ম পরিবর্তনের কারণে যেন কেউ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
রামদেব বলেন, হিন্দুধর্ম, ইসলাম কিংবা খ্রিস্টধর্ম—কোনোটিই হুমকির মুখে নেই। বরং ভারতের সম্মান ও মর্যাদাই রক্ষার বিষয়।
ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয়দের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান বলেও জানান রামদেব।
তিনি বলেন, ভারতের অর্থনীতি বিশ্বে শীর্ষে উঠুক এবং রুপির মূল্য অন্তত মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের সমপর্যায়ে পৌঁছাক—এটাই তার প্রত্যাশা।
একই সঙ্গে ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তার প্রত্যাশা, এমন একসময় আসবে যখন বিশ্বের কোনো দেশেই ভারতীয়দের ভিসার প্রয়োজন হবে না।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশে ভারতের সমান মর্যাদা থাকা উচিত বলেও মন্তব্য করেন যোগগুরু বাবা রামদেব।
এসি//