আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা কমে যাওয়ায় অঞ্চলটির উত্তেজনা আরও বাড়ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কাই এর প্রধান কারণ।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অন্যতম প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ১৪ ডলারে উঠেছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্টের দাম বেড়ে জুলাইয়ের শেষ সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও প্রতি ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে একপর্যায়ে এ তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে পৌঁছায়।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে প্রস্তাবিত সমঝোতা বা যুদ্ধবিরতি কার্যকর রাখা এখন আরও কঠিন হয়ে পড়েছে। তেহরান এরই মধ্যে নিজেদের অবস্থান আরও কঠোর ও আক্রমণাত্মক করার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তীব্র হচ্ছে। ফলে তেলের বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #জ্বালানি সরবরাহ #অপরিশোধিত তেল #ইরান #যুক্তরাষ্ট্র