অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল টাইগাররা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫৬ রানের লিডে আটকে দিয়ে মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সেই লক্ষ্য অনায়াসে পেরিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে পাওয়া এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন।
ম্যাচের প্রথম দিন থেকেই বাংলাদেশের দাপট ছিল স্পষ্ট। ১৩ আগস্ট দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দুইশ রানের আগেই অলআউট করে দেন বাংলাদেশের পেসাররা। এরপর ব্যাট হাতেও দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ।
তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতক বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। টেলএন্ডারদের কার্যকর অবদানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রথম ইনিংসে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় লিড।
চাপ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই হাসানের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং আবারও চাপে পড়ে। তবে ক্যামেরন গ্রিন একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন। নিজের দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরিও তুলে নেন তিনি।
গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড কিছুটা বাড়লেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শেষ পর্যন্ত তা বড় হয়নি। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরে গেলেও জয় নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি। সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্রুতই দলের জয় নিশ্চিত করেন।
শেষ পর্যন্ত ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার হতাশা পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় টাইগারদের জন্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ানোর বড় উপলক্ষ।
এমএ//