দেশজুড়ে

গাজীপুরে একই দিনে তিন মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় আলাদা আলাদা স্থান থেকে গৃহবধূ নিলুফা আক্তার, পোশাক শ্রমিক ইমরান হোসেন অন্তর এবং ভাঙ্গারী ব্যবসায়ী মনির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ আগস্ট) মরদেহ গুলো উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহত নিলুফা আক্তার (২৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের পোশাক শ্রমকি ইমনের স্ত্রী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে গৃহবধূ নিলুফা আক্তার নিজ বাসা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

তিনি আরও জানান, শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ছোট পুকুরে নিলুফার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পোশাক শ্রমিক ইমনকে আটক করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে স্থানীয় ও স্বজনদের বরাতে দিয়ে পুলিশ জানায়, অনলাইন জুয়া ও অতিরিক্ত ঋণের চাপে পোশাক শ্রমিক ইমরান হোসেন অন্তরের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ইমরান ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছে। ইমরান তার স্ত্রীর বেতনের টাকা নিয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলে। ঘটনার রাতেও টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে পুরোনো মাটির ঘর ভাঙার সময় মাটির নিচে চাপা পড়ে ভাঙ্গারী ব্যাবসায়ী মনির হোসেন নিহত হয়েছেন।

প্রতিবেশীরা জানান, মনির হোসেন কয়েক দিন ধরে পুরোনো মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। ঘটনার দিন দুপুরেও ঘর ভাঙার সময় মাটির দেয়ালের বড় একটি অংশ হঠাৎ ভেঙে মনির হোসেনের ওপর পড়লে তিনি আহত হন। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার বিস্তারিত জানা যাবে।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #মরদেহ