প্রতারণা ও বিশ্বাসভঙ্গের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত। এর আগে গেলো ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। সেই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মেম্বার ঢাকার আদালতে হাজির হয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয় যে, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। ওই শাড়িটির প্রচারণা করবেন ও এর মূল্য পরিশোধ এর কথা থাকলেও তা পরিশোধ করেননি ও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করেননি।
পরবর্তী সময়ে তানজিন তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে মামলায় অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্তের জন্য দ্বায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। পরে ডিবির তদন্ত প্রতিবেদন আদালত আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। এর সাথে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এআর//