আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন ভিসানীতিতে বিপাকে পড়তে পারেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীদের নতুন কর্মসংস্থান খোঁজার জন্য বর্তমানে থাকা সর্বোচ্চ ৬০ দিনের সুযোগ বাতিল হতে পারে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

রোববার (০৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসানীতির এই বিধান বাতিলের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের পর্যালোচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। প্রস্তাবটির বিস্তারিত বিষয়ও পুরোপুরি প্রকাশ করা হয়নি।

নতুন বিধান চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু বিদেশি কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য চাকরি হারানোর পর পাওয়া ৬০ দিনের অতিরিক্ত সময় তুলে দেওয়া হতে পারে। ফলে চাকরি হারানো কর্মী ও তাদের নির্ভরশীলদের খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার পরিস্থিতিতে পড়তে হতে পারে।

এই পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় প্রবাসীদের ওপর বিশেষভাবে পড়তে পারে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা দীর্ঘদিন ধরে এইচ-১বি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেয়ে আসছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনের ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন।

চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নতুন কর্মসংস্থান খোঁজার সুযোগ দিতে ২০১৭ সালে বর্তমান নিয়মটি চালু করা হয়েছিল। এই বিধানের আওতায় নির্দিষ্ট কিছু ভিসাধারী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি খুঁজতে পারেন। তবে তাদের অনুমোদিত ভিসার মেয়াদ এর আগেই শেষ হয়ে গেলে, সেই সময়সীমাই প্রযোজ্য হয়।

বর্তমান এই সুবিধা ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএনসহ বিভিন্ন ভিসা শ্রেণির কর্মীদের জন্য প্রযোজ্য। একই ধরনের সুবিধা পান তাদের নির্ভরশীলরাও।

তবে নতুন প্রস্তাবটি এখনো চূড়ান্ত না হওয়ায় ৬০ দিনের এই সুযোগ বাতিল হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্ত আসেনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প #এইচ-১বি ভিসাধারী #বাংলোদেশ