দেশজুড়ে

রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে মিলল টাকা, উপসহকারী প্রকৌশলীকে আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে অবৈধ লেনদেনের দেড় লাখ টাকা রাখার অভিযোগে এক উপসহকারী প্রকৌশলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দ্বায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম।

গতকালবিকেলে বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাসী কাগজপত্র দেখতে চাইলে মুহুর্তে সে স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী আকরাম।

এসময় পেছন পেছন ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই প্রকৌশলী। এতে সৃষ্টি হয় বাকবিতণ্ডা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে নগদ একলাখ এবং তার পকেট থেকে আরো পঞ্চাশ হাজার সহ মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। এর আগে টাকার পরিমাণ এবং নগদ এতগুলো টাকা সাথে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে।

তবে টাকাগুলো তার নিজের এবং ব্যাক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্য সাথে রেখেছিলেন উল্লেখ করে নিজেকে নির্দোশ দাবি করেছেন অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম।

এদিকে, দ্বায়িত্ব পালনকালে সাথে এতগুলো নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় সহ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রকৌশলী #পঞ্চগড়