রাজনীতি

বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের ফটোকপি দেখতে পাচ্ছি : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি এবং আমরা সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছিএখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটা ফটোকপি বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেবো, জুলাই দেবো নাশীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বিএনপি যেন চিন্তা করে ১৭ বছর তারা কেমন ছিলেন। তারা নিজেরাই বলেছেন, তাদের সময় কেটেছে পাট ক্ষেতে, ধান ক্ষেতে। এখন ফ্যাসিস্টদের কোন জিনিস আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলো ইতোমধ্যে নিয়ে ফেলেছেন।

তিনি বলেন, নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল।  ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এই অভিপ্রায়কে বিএনপি অপমান করছে কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য। আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো।

তিনি আরও বলেন, ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে এক বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন যে তিনি বিএনপির র‍্যাংক এন্ড ফাইলের একজন একটিভিস্ট। এই এক বছরের ভেতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্বাচন হবে। যেই লোক তার দলের জন্য যানপ্রাণ দিয়ে কাজ করেছে, সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। এতো কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স মাত্র তিন মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির