স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই। এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে।
শনিবার (১ আগস্ট) শনিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, হামে আক্রান্ত অনেকগুলো ওয়ার্ড দেখেছেন। একটা বাচ্চারও গায়ে কোনো পুষ্টি নাই। বাচ্চাদের দুধ খাওয়ান কি না মায়েদের জিজ্ঞেস করলে তারা সরাসরি বলে দেন, ‘আমার স্বাস্থ্য দেখেন না কেমন? নিজেই খেতে পাই না’।
শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটা হাইয়েস্ট প্রোটিন। এখনকার বাচ্চাদের বঞ্চিত করা হচ্ছে। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে। শাল দুধ দেওয়া হয় না।
তিনি আরও বলেন, ‘আজকে হামের এই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে আমাদের নতুনভাবে শপথ করতে হবে, আমাদের শিশু ও নাগরিকদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদেরকে সাংঘাতিকভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। কেবল সপ্তাহের সীমায় আটকে থাকলে চলবে না,’
আই/এ