প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি। ওই তরুণী বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। আর অভিযুক্ত নাঈম মিয়া (২৫) শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জসিম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত নাঈম বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক এগিয়ে নিলেও সম্প্রতি তিনি বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগও এড়িয়ে চলেন বলে অভিযোগ করেন তরুণী। পরে কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উৎসুক মানুষ প্রেমিকের বাড়ির সামনে ভিড় করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাঈম মিয়ার মা বলেন, মেয়ের পরিবার আসুক। আমার ছেলে এবং ওই মেয়ের মধ্যে যদি প্রেমের সম্পর্ক থাকে তাহলে পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে নাঈম মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জসিম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
আর/আই