ঢাকার আশুলিয়ায় একটি মুদি দোকানের ব্যাগের ভেতরে রাখা প্রেশার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিস্ক্রিয় করে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে আশুলিয়া ইউনিয়নে ইউনাইটেড গার্মেন্টস-সংলগ্ন একটি ফাঁকা প্লটে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান ,গতকাল সন্ধ্যায় আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন মুদি দোকানের সামনে বেঞ্চের ওপর পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। দীর্ঘসময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে রাত ৯টার দিকে পুলিশে খবর দেয়।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে নিশ্চিত হয়। বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করে।
তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক যুবক ওই দোকানে এসে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দেন। দোকানি খুচরা নেই জানালে ওই লোক চলে যান এবং ব্যাগটি তালা দিয়ে সেখানে রেখে যান।
ওসি আরও জানান, ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।
আই/এ