দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে সর্বাধিক ১৮৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশালে ৬৭ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৩২ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ২০ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৫৩ জনের মধ্যে সর্বোচ্চ ২৫ জন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৯ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
পি/ডি