আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সন্তানকে সম্পত্তি লিখে দেয়ার পরও জীবিত অবস্থায় তা ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। এতে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে, যার বড় অংশই মূলত সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে তৈরি হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী এমন তথ্য জানান।
তিনি বলেন, বাবা-মায়ের জীবনদশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। সন্তান যেমন বিক্রি করতে পারবে না, তেমনি বাবা বা মা চাইলেও এককভাবে বিক্রি করতে পারবেন না।
আইনমন্ত্রী বলেন, তবে বিশেষ প্রয়োজনে ছাড়ের বিধান থাকছে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার এবং এই সম্পত্তি বিক্রি ছাড়া চিকিৎসা সম্ভব নয়, কিন্তু সন্তান বিক্রিতে সম্মতি দিচ্ছে না। সেক্ষেত্রে জেলা জজকে একটা ক্ষমতা দেওয়া থাকছে। জেলা জজের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারবেন।
তিনি আরও বলেন, সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা ফাইলিং কমে আসার পাশপাশি অনেক পারিবারিক সমস্যার সমাধান হবে। সরকার কাজ করতে চায়, পরিবর্তন করতে চায় জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে যেখানে যেভাবে সম্ভব সেটা করা হবে।
আই/এ